আন্তর্জাতিক ডেস্ক
করোনাকালীন বিধিনিষেধ ভঙ্গ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করায় জরিমানা গুনতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে অর্থমন্ত্রী ঋষি সোনাককেও জরিমানা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার (১২ এপ্রিল) বরিস জনসন ও ঋষি সোনাকের নামে নোটিশ দেয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে তাদের উপর জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি ওই নোটিশে। পরবর্তীতে আরও একটি নোটিশে জরিমানার অঙ্ক জানানো হবে।
২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। সে সময় তার দেশে করোনাভাইরাস মহামারিকালীন কঠোর বিধিনিষেধ চলছিল। বিধিনিষেধের আওতায় সব রকমের পার্টি নিষিদ্ধ ছিল। তবে বিধিনিষেধ অমান্য করে ওই পার্টি করার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়। শুরুতে পার্টির করার তথ্য অস্বীকার করেন বরিস। যদিও পরে পার্টিতে উপস্থিত থাকার কথা স্বীকার করে পার্লামেন্টে ক্ষমা চান তিনি। পার্লামেন্টে বরিস জনসন স্বীকারোক্তিতে জানান, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায় আয়োজিত পার্টিতে শতাধিক অতিথি ছিলেন। সে সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইই