
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর)স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪১৫টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৪২ হাজার ২৬৫টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ এবং দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষার মোট হার ১৫ দশমিক ৫৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন।