আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে ভারতের তৈরি কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকর। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর শরীরের করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয় যা ভাইরাসটি ঠেকাতে ৭৭.৮ শতাংশ পর্যন্ত কার্যকর।
কোভ্যাক্সিনের নির্মাতা প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৃতীয় ধাপে করা ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত জানান গবেষকরা।
এর আগে গত৩ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে।
গত এপ্রিলে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন চেয়ে অবেদন করে ভারত বায়োটেক। তবে প্রয়োজন তথ্য সরবরাহ করা হয় জুলাইয়ে। দীর্ঘ পরীক্ষানিরীক্ষা শেষে প্রায় ৭ মাস পর ভ্যাকসিনটি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই ভ্যাকসিনটি ভারতে ব্যাপক ব্যবহার করা হয়। দেশটিতে ১৪ কোটি ১২ লাখ মানুষ এ ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পাওয়ায় ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে উদ্বেগ ছিল।
উৎপাদক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের দাবি, কোভ্যাক্সিন করোনাভাইরাসের উপসর্গের বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকর। নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ ভ্যাকসিনের কার্যকারিতা ৬৫.২ শতাংশ। দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রে ভারত বায়োটেকের দাবির সত্যতা পাওয়া গেল।
সারাবাংলা/আইই