#দিল্লি: জরুরি প্রয়োজনে ফোন করছেন৷ কিন্তু নম্বর ডায়াল করতেই বেশির ভাগ সময়ে কানে আসত কোভিড নিয়ে সচেনতা ছড়ানোর কলার টিউন৷ গত দু’ বছরে ফোন করতে গেলে এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল৷ অবশেষে কোভিড নিয়ে সেই কলার টিউন (Covid 19 Callertune) বন্ধ হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকারি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘কোভিড -১৯ নিয়ে আর কোনও কলার টিউন বাজানো হবে না৷ এটা খুব শিগগিরই বন্ধ করা হবে৷’
২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসকে অতিমারি হিসেবে ঘোষণা করা হয়েছিল৷ এর পরই কেন্দ্রীয় সরকারের তরফে সব টেলিকম অপারেটরের কোভিড সচেতনতা বার্তা কলার টিউন আকারে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছিল৷
প্রাথমিক ভাবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের গলায় মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো বার্তা দেওয়া হত৷ এর পর ২০২১ সালের জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচির প্রচারে নতুন কলার টিউন চালু করা হয়৷ সেই বার্তায় টিকা নেওয়ার জন্য আবেদন জানানোর পাশাপাশি ভারতে তৈরি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর বলে আশ্বস্ত করা শুরু হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid ১৯