আন্তর্জাতিক ডেস্ক
কিউবার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘আবদালা’ তৃতীয় ধাপের ট্রায়ালে ৯২.২৮ শতাংশ কার্যকর বলে দাবি করেছে দেশটি। তিন ডোজের ভ্যাকসিনটি কিউবার নিজস্ব উদ্ভাবিত দ্বিতীয় করোনাভাইরাস ভ্যাকসিন। রয়টার্সের খবর।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলে এক টুইট বার্তায় ভ্যাকসিনটির কার্যকারিতার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুটি মহামারিতে (করোনাভাইরাস ও মার্কিন নিষেধাজ্ঞা) আক্রান্ত হয়েও সব বাধা দূর করে ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা দুটি কার্যকর ভ্যাকসিন দিয়েছেন’। আবদালা নামক ভ্যাকসিনটি ৯২.২৮ শতাংশ কার্যকর বলেও জানান তিনি।
সোমবার রাষ্ট্রায়ত্ত বায়োফার্মাসিউটিক্যাল করপোরেশন বায়োকিউবাফার্মা অপর এক টুইটে জানায়, কিউবায় ইতিমধ্যে ব্যবহার শুরু হওয়া দুটি ভ্যাকসিনের একটি আবদালা। তিন ডোজের এ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২.২৮ ভাগ কার্যকর।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কিউবা প্রথম যারা নিজস্ব করোনাভাইরাস ভ্যাকসিন উদ্ভাবন করেছে বলে দাবি করেছে। ইতিমধ্যে কিউবার ভ্যাকসিন ভেনিজুয়েলা, ভিয়েতনাম, আর্জেন্টিনা, মেক্সিকোসহ আরও কিছু দেশ কেনার আগ্রহ দেখিয়ছে বলেও জানা গেছে। কিউবা মোট ৫টি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে এ পর্যন্ত দুটি ভ্যাকসিন চূড়ান্ত ধাপের ট্রায়াল অতিক্রম করেছে।
উল্লেখ্য, নিজস্ব তৈরি করোনা ভ্যাকসিন ইতিমধ্যে ১ কোটি ২ লাখ মানুষের শরীরের প্রয়োগ করেছে কিউবা। কিউবায় এ পর্যন্ত প্রায় ১৬ লাখ ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১৭০ জনের।
সারাবাংলা/আইই