আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসার আক্রান্ত। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় পুতিন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভ প্রেসিডেন্টের দায়িত্ব দিতে পারেন। অসমর্থিত মার্কিন সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং সেরে উঠার স্বল্প সময়ের জন্য তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন না। এ জন্য সাময়িকভাবে নিজের বিশ্বস্ত ব্যক্তির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমের মতে, পুতিনের অস্ত্রোপচারের তারিখ এখনও ঠিক হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারে দেরি করা যাবে না। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ত্রোপচারের সম্ভাব্য সময় ঠিক করেছিলেন চিকিৎসকরা। তবে ইউক্রেনে হামলা চালানোর কারণে ভ্লাদিমির পুতিন অস্ত্রোপচারের সময় পিছিয়ে দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে রাজি হবেন না পুতিন। খুব অল্প সময়ের মধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিনি দুই থেকে তিন দিনের জন্য তার বিশ্বস্ত ৭০ বছর বয়সী নিকোলাই পাত্রুশেভের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।
সারাবাংলা/আইই