আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আইনি প্রক্রিয়া চলা অবস্থায় মাইফপ্রিস্টোন নামে গর্ভপাতের একটি পিল বাজারে সহজলভ্য রাখার পক্ষে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
ওষুধটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত। যে নিষেধাজ্ঞায় পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়। নিম্ন আদালতের সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত গর্ভপাতের ওষুধ মাইফপ্রিস্টোন ব্যবহার করতে পারবেন নারীরা। তবে তা নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই প্রযোজ্য।
শনিবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তারা বলছে, মামলাটি এখন গর্ভপাতের পক্ষে অবস্থান নিতে বেশ বড় রকমের প্রভাব ফেলতে পারে।
টেক্সাসের একজন বিচারক এই ওষুধটির দীর্ঘমেয়াদি অনুমোদন বাতিলের চেষ্টার পর এর ব্যবহার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল।
গত বছরের জুন মাসে রো বনাম ওয়েড মামলার যে রায়টি ছিল তা সুপ্রিম কোর্টের ৬-৩ সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে পাল্টে দেওয়া হয়। ওই রায়ে গর্ভপাতের পক্ষে পুরো দেশে যে নিশ্চয়তা ছিল তার অবসান ঘটে এবং রাজ্যগুলোকে এই প্রক্রিয়া নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল।
শুক্রবারের (২১ এপ্রিল) রুলিং অনুসারে ‘মাইফপ্রিস্টোন’ মামলাটি পঞ্চম সার্কিট আপিল আদালতে ফিরে আসছে। এমন হতে পারে মামলাটি আবারও সুপ্রমকোর্টের সামনে আসবে ও খুবই গুরুত্বপূর্ণ একটি রুলিংয়ের মাধ্যমে বিষয়টির সুরাহা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অর্ধেক গর্ভপাতে যে দু’টি ওষুধ ব্যবহার হয় মাইফপ্রিস্টোন তার একটি। এই ওষুধ দেশটিতে ৫০ লাখেরও বেশি নারীর গর্ভাবস্থার ইতি টানতে ব্যবহার হয়েছে। চার বছর পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ (এফডিএ) ২০ বছর আগে সর্বপ্রথম এই ওষুধটির অনুমোদন দেয়। কিছু অতিরিক্ত বিধিনিষেধ ও নিয়মিত মূল্যায়নের একটি ব্যবস্থার অধীনে যুক্তরাষ্ট্রে ৬০টি ওষুধের যে ক্যাটাগরি আছে, সেখানে মাইফপ্রিস্টোনকে রেখেছিল এফডিএ।
সারাবাংলা/ইআ