আন্তর্জাতিক ডেস্ক
শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের নিউরনগুলো গাছের মতো শাখা প্রশাখা ছড়ায়। আর এ সময় তারা গাছের সঙ্গে বেশি সময় কাটালে তাদের মস্তিষ্কের বিকাশ প্রক্রিয়া চমৎকার হয়। যুক্তরাজ্যে বড় পরিসরে করা এক গবেষণার ফল এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
গবেষকরা লন্ডনের বিভিন্ন স্কুলের ৯ থেকে ১৫ বছর বয়েসী ৩,৫৬৮ বাচ্চাদের নিয়ে এ সমীক্ষা চালান। এতে তারা দেখেন, যেসব বাচ্চারা বৃক্ষঘেরা পরিবেশে বেড়ে উঠেছে তাদের বয়ঃসন্ধিকালে বুদ্ধিবৃত্তিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি বেশি হয়েছে।
অপরপক্ষে, অন্যান্য প্রাকৃতিক পরিবেশ—যেমন ঘাস ভরা মাঠ, নদী, হ্রদ ইত্যাদি এলাকায় যেসব বাচ্চা বড় হয়েছে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ গাছের সঙ্গে সময় কাটানো বাচ্চাদের চেয়ে তুলনামূলক শ্লথ।
এ গবেষণার প্রবন্ধ ন্যাচার সাস্টেইনেবিলিটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, গবেষণায় পাওয়া এসব ফলাফল থেকে কিশোর-কিশোরীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে নানা ধরনের প্রাকৃতিক পরিবেশের ভূমিকা জানা গেছে। এতে দেখা গেছে, সকল প্রাকৃতিক পরিবেশের শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে সমান গুরুত্ব রাখতে পারে না।
তবে মানুষের মনের অবস্থা ও গাছের মধ্যকার সম্পর্কের বিষয়টি এর আগেও নানা গবেষণায় উঠে এসেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কে শিশুদের নিয়ে করা মহামারিবিজ্ঞান সংশ্লিষ্ট এক সমীক্ষায় দেখা গেছে, সবুজে ঘেরা আবাসিক এলাকায় বেড়ে ওঠা বাচ্চারা পরবর্তী জীবনে কম মানসিক ঝুঁকিতে থাকে।
এছাড়া যুক্তরাজ্যে অপর এক সমীক্ষায় দেখা গিয়েছিল, যেসব বাচ্চাদের শহরে সবুজের উপস্থিতি বেশি, তাদের স্থানিক স্মৃতিশক্তি বেশি। তবে ঠিক কী কারণে পরিবেশ এমন তফাত গড়ে তা গবেষণায় উঠে আসেনি। গাছগাছালি ভরা সবুজ পরিবেশ বুদ্ধিবৃত্তিক বিকাশ কীভাবে প্রভাবিত করে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি এসব গবেষণায়।
সারাবাংলা/আইই