আন্তর্জাতিক ডেস্ক
গাজা শহরকে দুই ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বার বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরাইল।
ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আজ উত্তর গাজা এবং দক্ষিণ গাজা আলাদা করা হয়েছে। এটিকে হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের একটি “উল্লেখযোগ্য পর্যায়” বলে অভিহিত করেছেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সেনারা গাজা শহরে প্রবেশ করবে। রাত নামার পর উত্তর গাজায় শক্তিশালী বিস্ফোরণ দেখা গেছে।
ইন্টারনেট অ্যাডভোকেসি গ্রুপ নেটব্লক জানিয়েছে, গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে গাজার খবরাখবর পাওয়া জটিল হয়ে পড়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার মুখপাত্র জুলিয়েট তোমা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, আমরা জাতিসংঘের শরণার্থী দলের বেশিরভাগ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি।
এর আগে রোববার, ইসরাইলি যুদ্ধবিমান গাজার শরণার্থী শিবিরে হামলা চালায়। এতে কমপক্ষে ৫৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, তারা হামাসের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবে।
সারাবাংলা/আইই