চবি করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয়পক্ষ আলাদা আলাদা স্থানে অবস্থান নিয়ে পরস্পরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
প্রক্টর নুরুল আজিম শিকদারসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি’র সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর ২ টার দিকে সংঘর্ষ কিছুটা স্তিমিত হয়। তবে ১৫ মিনিট পর আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
আরও পড়ুন: হোটেলে ভাত খেতে গিয়ে তর্কাতর্কির জেরে দেড় ঘণ্টা সংঘর্ষ
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হয়েছে।
এর আগে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হোটেলে ভাত খাওয়ার সময় দুই নেতার তর্কাতর্কি হয়। এর জেরে রাতে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
এরপর বৃহস্পতিবার দুপুরে সিক্সটি নাইন গ্রুপের এক নেতা খাবার খেতে ওই হোটেলে গেলে সিএফসি’র নেতাকর্মীরা তাকে মারধর করে। এতে করে আবার শুরু হয় সংঘর্ষ।
প্রক্টর নুরুল আজিম শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
সারাবাংলা/এইচএফ/ এনইউ