ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী, দলের ভেতরে ভাঙনের সুযোগ নেই।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে চার দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, রওশন এরশাদকে কেউ ভুল বুঝিয়ে এবং চাপ প্রয়োগ করে দলের ভেতরে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জাতীয় পার্টি এগিয়ে যাবে।
বর্তমান সরকারের অধীনে অবাধ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে জাতীয় পার্টি সেই নির্বাচনে যাবে না।
আসন্ন নির্বাচনে জোটে থাকা না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে আওয়ামী লীগ, বিএনপির বাইরে দেশ ও জাতি একটি আলাদা দল প্রত্যাশা করে।
সরকার দেশ চালাতে ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। দেশে যে সুশাসন দেওয়ার কথা ছিলো তা দেওয়া হয়নি। বিরোধী মতকে দমন-পীড়নে সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে।
দেশের বর্তমান পরিস্থিতির নাজুক উল্লেখ করে সংসদে বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশ শ্রীলংকার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়নে সরকার যে পরিমাণ ঋণ গ্রহণ করেছে সেটির বোঝা দেশ বহন করতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে।
এর আগে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।
এদিকে বিকেলে জাতীয় পার্টির জেলা ও মহানগর আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। পরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
সারাবাংলা/এনইউ