স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো দেশপ্রেমিক আজীবন বিপ্লবীকে হারানো দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে বলা হয়, তিনি সারাজীবন দেশের জনগণের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। এদেশের মুক্তির সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা অনস্বীকার্য। দেশের স্বাস্থ্য নীতি, ঔষধ শিল্পের যুগান্তকারী চিন্তা ও দরিদ্র মানুষের সুচিকিৎসায় অবদান এবং সর্বোপরি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সাহসী সংগ্রামী ভূমিকা আমাদের জন্য ছিল অনুপ্রেরণা।
বিবৃতিতে প্রয়াত ডা. জাফরুল্লাহর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সারাবাংলা/এএইচএইচ/আইই