আন্তর্জাতিক ডেস্ক
কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাসের প্রতিশ্রুতি সত্ত্বেও গত বছর এ খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিশ্বব্যাংক। ট্রেড ফাইন্যান্স নামে পরিচিত একটি বিশেষ ধরনের তহবিলের মাধ্যমে এই অর্থ বিশ্বব্যাপী বিতরণ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি অর্থায়নের উপর নজর রাখা ক্যাম্পেইন গ্রুপ আরগেওয়াল্ডের গবেষণায় দেখানো হয়েছে, বিশ্বব্যাংক ২০২২ সালে বাণিজ্য অর্থায়নে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করেছে।
গবেষণার লেখক হেইক মাইনহার্ড খুদ বিশ্বব্যাংক, এর প্রাইভেট আর্থিক সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) সংস্কারের আহ্বান জানিয়েছেন। এ ধরনের লেনদেন আরও স্বচ্ছ করা এবং জীবাশ্ম জ্বালানির জন্য তহবিল ঋণ কর্মসূচি থেকে বাদ দিতে সংস্কার তাগিদ দিয়েছেন তিনি।
তিনি বলেন, তারা (বিশ্বব্যাংক) বলতে পারে না যে তারা প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত, কারণ বলার মতো যথেষ্ট স্বচ্ছতা তাদের নেই।
বিশ্বব্যাংকের স্বচ্ছতা না থাকায় জীবাশ্ম জ্বালানি সংস্থাগুলো সুবিধা নিচ্ছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, কারো দৃষ্টি আকর্ষণ না করেই তারা এভাবে জনসাধারণের অর্থে প্রবেশ করতে পারে। খুব চালাকির সঙ্গে তারা এটি করে।
বিশ্বব্যাংকের প্রজেক্ট ফাইন্যান্সের চেয়ে ট্রেড ফাইন্যান্স বেশি অস্বচ্ছ। প্রজেক্ট ফাইন্যান্সে সাধারণত সরকার, সংস্থা বা কোনসোর্টিয়ামের কাছে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে অর্থ দেওয়া হয়, তাই অর্থের ব্যবহার কিভাবে হচ্ছে তার খুঁজ রাখা সহজ। কিন্তু ট্রেড ফাইন্যান্সের ব্যপ্তি অনেক বিস্তৃত।
ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে সরকার বা সরকার বা কোনো ব্যবসায় অর্থ দেওয়ার জন্য ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অসংখ্য জটিল আর্থিক বিষয় অন্তর্ভুক্ত থাকে। ট্রেড ফাইন্যান্স ক্রেডিট বা গ্যারান্টির রূপ নিতে পারে। বিশ্বব্যাংকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর মাধ্যমে উন্নয়নশীল দেশে ঝুঁকিমুক্ত অর্থায়নে সহায়তা করতে পারে বিশ্বব্যাংক।
সারাবাংলা/আইই