স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ‘জুলুম-অত্যাচারের ধারাবাহিকতায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হল।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধীদল ও মতের নেতা-কর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় মেতে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্ম আড়াল করতেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছে।’
তিনি বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর কতৃর্ত্ববাদী আওয়ামী সরকার আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।’
সারাবাংলা/এজেড/এনইউ