বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়া একটি এতিমখানা ও মাদ্রাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেসিআই ঢাকা ডায়নামিক।
৩১ আগস্ট ২০২৬ তারিখে ‘Noorer Alo (নূরের আলো)’ শীর্ষক এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটিতে একটি ২০০ ওয়াটের সোলার প্যানেল, হাইব্রিড ব্যাটারি এবং প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদান করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে Solargy BD।
গ্রামীণ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে বিদ্যুতের ঘন ঘন সংকটের কারণে শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে নানা ধরনের সমস্যা তৈরি হতো। সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ফলে প্রতিষ্ঠানটি এখন বিদ্যুতের একটি অধিক নির্ভরযোগ্য বিকল্প উৎস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেসিআই ঢাকা ডায়নামিকের পক্ষ থেকে জানানো হয়, ‘নূরের আলো’ প্রকল্পটি শুধু একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রদান করার উদ্যোগ নয়; বরং সীমিত সুযোগ-সুবিধার মধ্যে বেড়ে ওঠা শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে সহায়তা করার একটি সামাজিক উদ্যোগ।
আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিদ্যুৎ ও আলোর সুযোগ নিশ্চিত করা তাদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই ‘নূরের আলো’ প্রকল্পের মাধ্যমে একটি ছোট উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির চেষ্টা করা হয়েছে।
জেসিআই ঢাকা ডায়নামিক শিশুদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মতে, সমাজের যেসব শিশু ও প্রতিষ্ঠান তুলনামূলকভাবে কম সুযোগ-সুবিধা পায়, তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতারই অংশ।
প্রকল্পটির COC হিসেবে দায়িত্ব পালন করছেন আমির হোসাইন তুষার, ২০২৬ GLC, JCI Dhaka Dynamic। সংগঠনটির ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট আরূপা দত্ত।
‘নূরের আলো’ প্রকল্পের মাধ্যমে আয়োজকদের প্রত্যাশা, একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎস শিশুদের পড়াশোনার পরিবেশকে আরও সহজ ও কার্যকর করবে এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথে কিছুটা হলেও সহায়তা করবে।