আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের ওপর চীনের ক্রমবর্ধমান চাপের মুখে স্বশাসিত দ্বীপটির সঙ্গে সম্পর্ক জোরদারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে তাইপে সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দল। কূটনীতিকভাবে প্রায় বিচ্ছিন্ন তাইওয়ান একা নয়, ইউরোপ তাদের পাশে আছে বলে মন্তব্যও করেছে তারা।
ভ্যাটিকান সিটি ছাড়া ইউরোপের কোনো দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা তাইওয়ানও ইইউ’র সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এমন এক সময়ে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের এই সফর হচ্ছে যখন বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানের কাছে একের পর এক যুদ্ধবিমান পাঠিয়ে স্বশাসিত দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়েই চলেছে।
চীন তাইওয়ানকে মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে পরিচিয় করিয়ে দেয়। এমনকি জোরপূর্বক দ্বীপটি দখল করে নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে তারা।
এক ফেসবুক লাইভে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে ইউরোপিয়ান পার্লামেন্টের ফ্রেঞ্চ সদস্য রাফায়েল গ্লুকসমান বলেছেন, তাদের বার্তা খুব সাধারণ এবং স্পষ্ট। আপনারা একা নন, ইউরোপ আপনাদের পাশে আছে।
এদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত ইউরোপিয়ান পার্লামেন্ট আয়োজিত তিন দিনের সফরে প্রতিনিধি দলের সদস্যরা ভুয়া তথ্যের বিস্তার এবং সাইবার হামলার মতো হুমকিগুলো নিয়েও তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ব্যাপারে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, ভুয়া তথ্যের বিরুদ্ধে শিগগিরই একটি গণতান্ত্রিক জোট বানানোর ব্যাপারে তারা আশাবাদী। তাইওয়ান ও ইইউ সব ক্ষেত্রেই অংশীদারিত্ব জোরদারে চেষ্টা চালিয়ে যাবে।
এর আগে, অক্টোবরে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এক বিরল সফরে ইউরোপ গিয়েছিলেন। তার ওই সফর বেইজিংকে ক্রুদ্ধ করেছিল, যেসব দেশ উ-কে আতিথেয়তা দিয়েছে তাদের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হবে বলে হুঁশিয়ারও করেছে তারা।
বেইজিংয়ের পাল্টা পদক্ষেপের ভয়ে ইউরোপের বেশিরভাগ দেশই তাইওয়ানের ঊর্ধ্বতন মন্ত্রীদের আমন্ত্রণ জানাতে বা স্বশাসিত দ্বীপটিতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে আগ্রহ দেখায় না।
সারাবাংলা/একেএম