আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট উন্নয়নের স্বার্থে শান্তির প্রতীক নৌকা মার্কায় হোক। দেশের বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে। বর্তমান বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। কিন্তু কোন ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে দেশের উন্নয়ন। তাই আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বিএনপি গণতন্ত্রের নির্বাচনী ট্রেন মিস করেছে। তাই ট্রেন পুড়িয়ে আবারও ক্ষমতায় যেতে চাই। কিন্তু ২০১৪ সালে চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনবে।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। কারণ আমার বিগত ১১ বছর শাসন আমনে কারু সাথে অন্যায় অবিচার করিনি। সবসময় সকলের কল্যাণে কাজ করে গেছি। তাই আনোয়ারা ও কর্ণফুলীর মানুষ আমাকে আবারও মূল্যায়ন করবে।
নির্বাচনী জনসভায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুদ্দিন গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল হক বাবুল, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ছগির আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান প্রমুখ।