আন্তর্জাতিক ডেস্ক
সীমান্ত এলাকায় উগ্রবাদী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়ে পাকিস্তানে আশ্রয় চেয়েছেন আফগান সেনাবাহিনীর ৪৬ সদস্য। সোমবার (২৬ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের খবর।
বিবৃতিতে বলা হয়, সীমান্তে তালেবানের হামলায় শত শত আফগান সেনা ও সরকারি কর্মকর্তা তাদের অবস্থান হারিয়েছেন। তারা সেখান থেকে পালিয়ে পাকিস্তানের ভূমিতে ঢুকেছেন। আর সেনাবাহিনীর সৈনিকরা সীমান্ত পার হওয়ার আগে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন।
জানা গেছে, রোববার রাতে আফগান মিলিটারি কমান্ডার উত্তর চিত্রাল সীমান্ত পার হতে কাবুল কর্তৃপক্ষের কাছে অনুমতি চান। কাবুল থেকে সবুজ সংকেত পেয়ে তিনি সীমান্ত পার হওয়ার অনুমতি দিতে পাকিস্তান সামরিক বাহিনীর প্রতি অনুরোধ জানান। পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আফগান কমান্ডারের অনুরোধে সাড়া দিয়ে পাকিস্তানের ভূমিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আফগান সৈনিকদের খাবার ও আশ্রয় দেওয়া হয়েছে। সামরিক বিধান অনুযায়ী আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আশ্রয় নেওয়া এসব আফগান সেনাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে ৩৫ জনের আরেকটি আফগান সেনা দল তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে হেরে পাকিস্তানে প্রবেশ করে। এছাড়া দেশটির অন্য প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন আরও প্রায় এক হাজার আফগান সৈনিক।
২০২১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সকল ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে— গত বছর এমন ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তান দখলের জন্য লড়াই জোরদার করে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। এর পর থেকে দেশের প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত এলাকা দখল করে নেয় তারা। তবে সরকার দাবি করছে, বহু জেলা পুনরুদ্ধার করে নিচ্ছে সেনাবাহিনী।
মূলত যথেষ্ট মার্কিন সহায়তা না থাকায় তালেবানকে রুখতে বেগ পেতে হচ্ছে আফগান বাহিনীকে। আফগানিস্তানে সবচেয়ে বড় ঘাঁটি বাগরাম থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তালেবানের হামলা আরও জোরদার হয়েছে। তবে সম্প্রতি আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে কড়া প্রতিরোধও গড়ে তুলেছে। ঈদের পর সারা দেশে অসংখ্য ঘাঁটিতে অভিযান চালিয়ে কয়েকশ তালেবানকে হত্যা করেছে সরকারি বাহিনী।
যদিও সীমান্ত এলাকাগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তালেবান। সীমান্ত এলাকায় যুদ্ধে প্রায়ই বড় ধরনের পরাজয় স্বীকার করে নিতে হচ্ছে আফগান বাহিনীকে।
আফগান সৈন্যরা এমন এক সময় পাকিস্তানে আশ্রয় চাইলো যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক অনেকটা তলানীতে অবস্থান করছে। গত সপ্তাহে পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাবুলে ফিরিয়ে নিয়েছে আফগানিস্তান। আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়েকে অজ্ঞাত দুর্বৃত্তদের অপহরণ ও নির্যাতনের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কাবুল। এছাড়া নানা সময় উগ্রবাদী গোষ্ঠী তালেবানকে পাকিস্তানের ভূমি নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহার করতে দেওয়ায় ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কাবুল। বিপরীতে ইসলামাবাদও তালেবানকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর সুযোগ করে দেওয়ার জন্য দায়ী করে কাবুলকে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই