আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ড নৌবাহিনীর একটি জাহাজ শতাধিক নাবিক নিয়ে ডুবে গেছে। সোমবার (১৯ ডিসেম্বর) থাই উপসাগরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি তলিয়ে যায়। উদ্ধারকারীরা ইতিমধ্যে ৭৫ জন নাবিককে উদ্ধার করেছেন। তবে এখনও ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, রোববার রাতে এইচটিএমএস সুখোথাই নামক জাহাজটি তলিয়ে যায়। তাৎক্ষনিক থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। জাহাজটি তোলার চেষ্টা করলেও এখনও তা সম্ভব হয়নি।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এখনও উত্তাল সাগরে নিখোঁজ আছেন ৩১ জন নাবিক।
থাই নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পর ১২ ঘণ্টা পার হয়েছে। আমরা এখনও নাবিকদের খুঁজছি। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়েছেন। সোমবার বিমানবাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে।
এ ঘটনায় একটি তদন্তদল গঠনের ঘোষণা দিয়েছে থাই নৌবাহিনী। এডমিরাল পংক্রং মন্থারদপ্লাইন বিবিসিকে বলেন, আমাদের বাহিনীর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেনি। বিশেষ করে সক্রিয় কোনো জাহাজ এর আগে ডুবে যায়নি।
সারাবাংলা/আইই