আন্তর্জাতিক ডেস্ক
করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ভারতের রাজধানী দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, নয়াদিল্লি ও আশপাশের এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোববার (২৬ ডিসেম্বর) দিল্লিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
দিল্লিতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ জনের। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার ১০৩ জন, যাদের মধ্যে ৫৮৩ জন আছেন হোম আইসোলেশনে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত থেকে ভারতের কর্ণাটক রাজ্যে কারফিউ কার্যকরের কথা রয়েছে। এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, মঙ্গলবার থেকে পরবর্তী ১০ দিনের জন্য রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
সারাবাংলা/একেএম