স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে। আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
এসএটিভি, এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তাকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, আমরা হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি। দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজী ও দলবাজীর বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র গড়তে চাই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, আশির দশক থেকে আমরা মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতি করছি। আমরা তার অনুসারী হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় পার্টির রাজনীতি সুস্পষ্ট এবং কল্যাণময়।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরসহ অন্যান্যরা।
সারাবাংলা/এএইচএইচ/আইই