আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স ও ব্রুকলিনের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ব্রুকলিনের সাইপ্রেস হিলসের ফোরবেল স্ট্রিট এবং গ্লেনমোর অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারীর গুলিতে আহত মোদাসসারকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় এক জন বলেছেন, নিউইয়র্কে এ ধরনের হিংসাত্মক অপরাধ নিয়মিতভাবে ঘটছে। মোদাসসার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাড়ির কাছে পার্কিং লটে গাড়ি পার্ক করার সময় অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত মোদাসসার খন্দকারের স্ত্রী এবং চার বছরের একটি ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
সারাবাংলা/একেএম