আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনের বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের নতুন রেকর্ডের কথা জানিয়েছেন। নিউক্লিয়ার ফিউশন নিয়ে কাজ করা জয়েন্ট ইউরোপিয়ান টোরাসের (জেইটি) বিশেষজ্ঞদের একটি দল যুক্তরাজ্যের অক্সফোর্ডের কাছাকাছি এই পরীক্ষা চালিয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ফিউশন বিক্রিয়ার মাধ্যমে স্বল্প মূল্যের পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে তারা এরকম একটি পরীক্ষা চালান।
এ ব্যাপারে ব্রিটেনের অ্যাটমিক এনার্জি অথরিটি বলেছে, পাঁচ মিনিটের পরীক্ষায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, যা ১৯৯৭ সালে একই প্রক্রিয়ায় উৎপাদিত শক্তির দ্বিগুণ।
বার্তাসংস্থা এএফপি বলছে, এ ধরনের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যে তাপ উৎপাদিত হয়। এ ছাড়া যে মৌলিক পদার্থ ব্যবহার করে এই বিক্রিয়া ঘটানো হয়, তা অন্য পদার্থে পরিণত হয়।
বলা হচ্ছে, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব হলে তা হবে পরিবেশবান্ধব ও নিরাপদ। এছাড়া শক্তির বিপুল উৎস হতে পারে এই নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন।
বিজ্ঞানীরা ধারণা করছেন, অদূরভবিষ্যতে শক্তির উৎস হিসেবে এ পদ্ধতি কাজে লাগানো হবে।
প্রসঙ্গত, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ব্যবহার করা হয়। নিয়ন্ত্রিত বিক্রিয়ায় এই হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় এবং নিউক্লিয়াস থেকে নিউট্রন নির্গত হয়। এই নিউট্রনকে তাপ উৎপাদনে ব্যবহার করা হয়।
এই পদ্ধতির সফল পরীক্ষা হয়েছে ব্রিটেনে। সেখানে এই প্রক্রিয়ায় প্লাজমা তৈরি করা হয়েছে। এ জন্য সূর্যের কেন্দ্রে যে পরিমাণ তাপমাত্রা থাকে, তার চেয়ে ১০ গুণ তাপমাত্রায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল। এই পরীক্ষায় যে ফলাফল পাওয়া গেছে তা থেকে এটা স্পষ্ট যে ফিউশন বিক্রিয়া নিরাপদ ও টেকসই (কার্বন নিঃসরণের মাত্রা কম) শক্তি উৎস হতে পারে।
এ প্রসঙ্গে বিজ্ঞানী ও দ্য স্টার বিল্ডার্স: নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড দ্য রেস টু পাওয়ার দ্য প্ল্যানেট বইয়ের লেখক আর্থার টারেল বলেন, এ পরীক্ষা একটি মাইলফলক। কারণ, এই প্লাজমা পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল। এরপর হয়তো প্লাজমাকে পাঁচ মিনিট, পাঁচ ঘণ্টা এমনকি এর থেকে বেশি সময় ধরে রাখা সম্ভব হবে।
সারাবাংলা/একেএম