শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নির্বাচন কমিশনকেই মানি না, সেখানে আবার রোডম্যাপ : ফখরুল 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
নির্বাচন কমিশনকেই মানি না, সেখানে আবার রোডম্যাপ : ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি:নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন কমিশনকেই মানি না। সেখানে নির্বাচন কমিশনের ‘নির্বাচনী রোডম্যাপ’ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ 

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে বা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য ও অবাধ-সুষ্ঠু  হবে না। আর দেশের মানুষও এতে অংশ নেবে না। 

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাদে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা ও প্রার্থী না হতে বল প্রয়োগ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্বাচনেই তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চায় না আওয়ামী লীগ। রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চায় তারা এবং এতেই তারা অভ্যস্ত। 

ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। আমাদের যে তিস্তার পানি সমস্যা এবং অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা সমস্যা, এসব বিষয়ে সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে সুস্পষ্টভাবে বলতে পারেননি আসলে উনি ভারত সফরে গিয়ে কী কী নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর