বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২০২ সময় দেখুন
পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মামলা – Corporate Sangbad


বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী ও বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৬ জুলাই) তার বিরুদ্ধে ভয়ভীতি, ভাঙচুর, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানা যায়।

মামলায় পরীমণির দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। তারা হলেন- ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলা করেন। আদালত এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলার বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ জুলাই নির্ধারণ করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করে না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে এবং দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এতে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, ‘পরীমণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।’

২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

চলতি বছরের ১৮ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ ৩ আসামি।

এর আগে গত বছর চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় জামিনের পর পাল্টা মামলা করবেন বলে জানিয়েছিলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ।

এ প্রসঙ্গে তখন তিনি গণমাধ্যমে জানান, মিথ্যা অপবাদ, সম্মানহানি করা, পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু বিষয়ে নায়িকা পরিমণির বিরুদ্ধে করব।

নাসির ইউ মাহমুদ আরও বলেছিলেন, মামলা করার জন্য প্রস্তুত আমি। তবে কখন করব কীভাবে করব এটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই করব। আপনারা জানেন আমার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছেন সবই মিথ্যা, পারিবারিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই মিশে গেছে।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। শুটিং থেকে এখন অনেকটাই দূরে তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই নায়িকা। তাই একান্ত সময় কাটাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে রাজ-পরীর ঘর আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।

আরও পড়ুন:

আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের এমডি-পরিচালক গ্রেপ্তার

টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন ৩১ আগস্ট

হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে: তথ্যচিত্র বিতর্ক নিয়ে তসলিমা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর