আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নতুন তত্ত্বাবধায়ক সরকার জ্বালানির দাম লিটারে আরও ২০ পাকিস্তানি রুপি পর্যন্ত বাড়িয়েছে। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধিতে দেশটির কিছুটা কমতে থাকা মূল্যস্ফীতি ফের বেড়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
দেশটির অর্থবিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি লিটার পেট্রোলের দর ১৭.৫০ রুপি বাড়িয়ে ২৯০.৪৫ রুপি নির্ধারণ করা হয়েছে। হাই-স্পিড ডিজেলের দর লিটার প্রতি ২০ রুপি বেড়ে নির্ধারণ করা হয়েছে ২৯৩.৪০ রুপি। বুধবার (১৬ আগস্ট) থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। ডিজেল ও পেট্রোলের নতুন এই দর পাকিস্তানে রেকর্ড সর্বোচ্চ।
সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের ছাড়পত্রের পর গভীর রাতে অর্থ মন্ত্রণালয় সংশোধিত মূল্য ঘোষণা করে।
অর্থবিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে গত পাক্ষিকে পেট্রোলিয়ামের দর বেড়েছে। তাই পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।
তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি সরকার।
এর আগে, বিদায়ী নেওয়াজ শরিফের সরকার গত ১ আগস্ট পেট্রোলিয়ামের দাম বাড়িয়েছিল। অর্থাৎ, গত ১৫ দিনের মধ্যে পাকিস্তানে জ্বালানি দর প্রতি লিটারে ৪০ রুপি পর্যন্ত বেড়েছে।
সারাবাংলা/আইই