ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর: সম্প্রতি ঘটে যাওয়া পাহাড়ে সন্ত্রাসী হামলা ও ডাকাতির দায় সরকারকে নিতে হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রোববার (৭ এপ্রিল) বিকেলে রংপুর সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘পাহাড়ের সামান্য ঘটনায় যদি সরকার হিমশিম খায়, তাহলে দেশে বড়ধরনের বিপদ হলে জনগণ দাঁড়ানোর রাস্তা খুঁজে পাবে না।’
তিনি বলেন, ‘পাহাড়ে ব্যাংক ডাকাতি, অপহরণ ও খুনসহ বেশ কিছু ঘটনা ঘটেছে। এতে সরকারের গোয়েন্দাবাহিনী ব্যর্থ হয়েছে। এর দায় সরকারকে নিতে হবে।’
জিএম কাদের বলেন, ‘সরকারি বাহিনী সবধরনের সুযোগ সুবিধা নিলেও কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই। যে যার ইচ্ছে মতো কাজ করছে।’
নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকায় সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। সুষ্ঠু নির্বাচন না হওয়ায় গণতন্ত্র ভেঙে পড়েছে। মানুষ তার অধিকার হারিয়েছে। জাতীয় পার্টি চেষ্টা করছে অধিকার নিয়ে কথা বলার। কিন্তু সরকার ভেতর থেকে কলকাঠি নেড়ে দলকে দু’ভাগ করার চেষ্টা করছে। দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’
জাতীয় পার্টিকে ধরে রাখতে দলীয় নেতাকর্মীদেরও শক্ত অবস্থান তৈরি করার আহ্বান জানান তিনি।
এ সময় রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম