আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেদেশের পুলিশ। বাড়ির বাইরে থাকা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ওই ব্যক্তি আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করে । তবে পিস্তলটি অকেজো হয়ে যাওয়ায় গুলি চলেনি।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবের্তো ফার্নান্দেজ জানিয়েছেন, ওই বন্দুকধারীর পিস্তলে ৫টি বুলেট ছিল। সে ভাইস প্রেসিডেন্টের মুখমণ্ডলে লক্ষ্য করে পিস্তলের ট্রিগার চাপে। তবে পিস্তলটি অকেজো হয়ে পড়ায় গুলি চলেনি।
বিবিসির খবরে বলা হয়, রাজধানী বুয়েনস আইরেসে ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারের বাড়ির বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৩৫ বছর বয়সি এক ব্রাজিলের যুবককে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলার বিচার চলছে। তবে দুর্নীতির এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ফার্নান্দেজ কির্চনার। ঘটনার সময় তিনি আদালত থেকে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর বয়স ৩৫ বছর। তার হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।
সারাবাংলা/আইই