আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভার ব্যাপারে এবারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। এই নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমন্বিত প্রচেষ্টার অংশ বলে মনে করছে বিবিসি।
একইসঙ্গে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মেয়ে ইয়েকাতেরিনা সের্গেইভনা ভিনোকুরোভার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।
পররাষ্ট্র দফতরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে। তারা আরও ক্রেমলিনের অভ্যন্তরীণ বৃত্তের বিলাসবহুল জীবনধারাকে লক্ষ্যবস্তু করছে। ওই তিন জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের সম্পদও জব্দ করা হয়েছে।
ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পুতিনের ২৭৫ বিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ আটকে গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এবারের নিষেধাজ্ঞায় পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভা ছাড়াও আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পরিবারের সদস্যরাও।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইউরোপেও নিষেধাজ্ঞার কবলে পড়লেন পুতিনের মেয়েরা।
ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হলেও নিজের পরিবার নিয়ে সব সময় গোপনীয়তা রক্ষা করে চলেন তিনি। ফলে তার মেয়েদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না।
মারিয়া পুতিনা হলেন ভ্লাদিমির পুতিনের বড় মেয়ে। বর্তমানে তার বয়স ৩৫। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজি নিয়ে পড়ালেখা করেছেন। এরপর তিনি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি বর্তমানে এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং মেডিসিন বিদ্যায় ক্যারিয়ার গড়েছেন। তিনি নেদারল্যান্ডসের ব্যবসায়ী জোরিত ফাসেনকে বিয়ে করেছেন। ধারণা করা হয় তাদের সন্তানও রয়েছে।
অন্যদিকে, পুতিনের ছোট মেয়ে ক্যাটরিনা তিকহোনোভার বর্তমান বয়স হলো ৩৪। তিনি রক এন রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন। বর্তমানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন। ইনোপ্রাকতিকা নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। এই প্রতিষ্ঠানটির ১.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। ক্যাটরিনা বিয়ে করেছিলেন রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কিরিল সামালোভকে। যদিও ক্যাটরিনা ও সামলোভের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।
প্রেসিডেন্ট পুতিন তার দুই মেয়ের কাউকে প্রকাশ্যে আনেননি এমনকি মেয়েদের নিয়ে খুব কম কথাও বলেন তিনি। তবে তার দুই মেয়ে বিশ্বব্যাপী এতোটা পরিচিত না হলেও তারা দুইজনই রাজকীয় জীবন যাপন করেন।
সারাবাংলা/একেএম