Last Updated:
কেদার নাথ প্রামাণিক, সুতি: মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত্যু হল দুই যাত্রীর। গুরুতর জখম আরও চার। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ ১২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আমিন শেখ (৫২) এবং সেলিনা বেওয়া। তাদের মধ্যে আমিন শেখের বাড়ি সুতি থানার হিলোরা এলাকায় এবং সেলিনা বেওয়ার বাড়ি সুতি থানার সাজুর মোড় এলাকা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার জঙ্গিপুরের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি অটো।
আরও পড়ুন: পৃথিবীর এ কী ভয়ঙ্কর অবস্থা! ভয়ে কাঁপছেন বিজ্ঞানীরাও, ভেঙে যেতে চলেছে সব ‘রেকর্ড’! কী করবেন এবার?
অপরদিকে মালদহের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। রাস্তার কাজ চলায় এক লেন দিয়েই গাড়ি চলাচল হচ্ছিল। তখনই কার্যত যাত্রীবাহী অটোকে ধাক্কা মারে ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। জখম হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী।
মৃতদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি জখমদের হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়। ভরসন্ধ্যায় ভয়ানক দুর্ঘটনার কবলে দুজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। দুর্ঘটনার ফলে ১২ নম্বর জাতীয় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 11, 2024, 7:43 PM IST