সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আজ তুঙ্গে। আমাদের প্রতিপক্ষ জেনে গেছে, ইলেকশন হলে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কাছে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। কারণ, শেখ হাসিনার জনপ্রিয়তাকে পরাজিত করা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে সম্ভব নয়।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনা সভা আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সর্বকালের সেরা ভাষণের একটি। ইউনেস্কো যাকে স্বীকৃতি দিয়েছে। বিএনপির শাসনামলে সেই ভাষণ নিষিদ্ধ ছিল। সুতরাং সবাইকে বলব, আজকের এই স্থিতাবস্থা কোনো কারণে পাল্টে গেলে, বাংলাদেশ আবার উল্টো পথে যাত্রা করবে। কাজেই আমাদের আত্মসংযমী হতে হবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে।’
তিনি বলেন, ‘প্রস্তুতির যে ঘাটতি আমরা লক্ষ্য করছি, এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের সামনে দুই মাসের বেশি সময় নেই। আমাদের উপ-কমিটি, নগর কমিটি, বিভিন্ন ওয়ার্ড কিমিটি করার জন্য, সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার জন্য এবং গণসংযোগের জন্য আমাদের হাতে দুই থেকে আড়াই মাসের বেশি সময় আছে বলে আমার মনে হয় না।’
নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। নাশকতা করতে, শত্রুতা করতে, সন্ত্রাস করতে, অগ্নিসন্ত্রাস করতে, বোমাবাজি করতে, গ্রেনেড বিস্ফোরণ করতে বেশি লোকের প্রয়োজন নেই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি (ফখরুল) বলেছেন আমরা নাকি মাঠ খালি করছি। ফখরুল সাহেব, আপনাদের নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আজকে ধরে নিয়েছে, বাংলাদেশে এই মূহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর নেই বলেই আপনাদের পেছনে যারা ছিল, তারাও সরে যাচ্ছে।’
বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘মাঠ পাবলিকেই খালি করে দিচ্ছে। আমাদের খালি করার দরকার নেই। লজ্জা করে না, কয়টা মামলা আপনাদের বিরুদ্ধে? এখনও তো এসি রুমে ঘুমান। আমরা তো বাড়িতে থাকতে পারিনি? পার্টি অফিসের সামনে দাঁড়াতে দেননি। আমাদের নেতাদেরকে রাস্তায় মধ্যে পিটিয়েছেন। আমরা সবাই অত্যাচারিত হয়েছি। ভুলে গেছেন ফখরুল সাহেব?’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘লুটপাট করে লন্ডনে পাড়ি জমিয়েছে। মুচলেকা দিয়েছে আর রাজনীতি করবে না। মির্জা ফখরুল সাহেব, আপনি পালিয়ে যাওয়ার গল্প আমাদেরকে শোনান কেন? পালিয়ে যাওয়ার গল্পটা তো আপনাদের। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি নামক দলটির বাংলাদেশের রাজনীতির জন্য একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়া পদে পদে রাজনীতির অঙ্গনকে কলুষিত করছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সারাবাংলা/এনআর/ এজেড