আন্তর্জাতিক ডেস্ক
চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে ১৫ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। বুধবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। চেকপ্রজাতন্ত্রের পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।
পুলিশ প্রধান জানান, বন্দুকধারী প্রাগের চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদের একজন ছাত্র ছিলেন। প্রাগ শহরের পুলিশ এবং রেসকিউ সার্ভিসের মতে, গুলাগুলির পর বন্দুকধারীও মারা গেছে। তার নিষ্প্রাণ দেহ ক্যাম্পাসে পাওয়া গেছে।
এ ঘটনার কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসেন।
বিবিসির খবরে বলা হয়, পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর বয়স ২৪ বছর। প্রাগ শহরের ২১ কিলোমিটার দূরের একটি গ্রামের বাসিন্দা। পুলিশ আরও বলেছে, সন্দেহভাজন বন্দুকধারীর বাবাকে বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্রাগের মেয়র বহুস্লাভ এসভবোদা চার্লস ইউনিভার্সিটি স্কয়ারে অবস্থিত দর্শন বিভাগটি পুলিশ ঘেরাও করে রেখেছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন। লোকজনকে আশেপাশের রাস্তা ছেড়ে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ঘটনাকে আধুনিক চেকপ্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেছে বিবিসি।
সারাবাংলা/আইই