স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি-২০২২ এর ফলাফল পুন:যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। আগামীকাল বুধবার (১ মার্চ) অপরাহ্নে পুনরায় প্রাথমিক বৃত্তি-২০২২ এর ফলাফল প্রকাশিত হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সারাবাংলাকে বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ত্রুটিমুক্ত করে আগামীকাল ফলাফল প্রকাশ করা হবে।
সারাবাংলা/ জেআর/এনইউ