মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::ময়মনসিংহের ভালুকায় প্রেম করে বিয়ের পনের দিনের মাথায় স্বামীর ঘর থেকে ফারজানা আক্তার (১৮)নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ভালুকার উপজেলার কাচিনা গ্রামের স্বামীর ঘর থেকে ঝুলন্ত
অবস্থায় নববধূ ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এসসি কটন মিলে দু’জনই চাকুরি করার সুবাধে মাত্র ১৫ দিন আগে ফেনী জেলার বাসিন্দা ফারজানা প্রেম করে বিয়ে করেন ভালুকা উপজেলার কাচিনা গ্রামের উমর আলীর ছেলে ইস্রাফিলকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এসসি কটন মিলে চাকুরি করার সুবাধে ভালুকার কাচিনা গ্রামের ইসরাফিল (২২) এর সাথে ফেনীর ফারজানার আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং প্রায় ১৫ দিন আগে তারা বিয়ে করেন।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার ভোরে কর্মস্থলে চলে যান ইস্রাফিল। পরে সকাল ৮টার দিকে ইস্রাফিলের ছোট বোন স্বর্ণা তার ভাবী ফারজানাকে ডাক দিতে গিয়ে ঘরের আড়ায় ফারজানার লাশ ঝুলতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফা রুবেল জানান, ইউডি মামলা নিয়ে ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।