Last Updated:
ঢাকা: বাংলাদেশকে ইউএসএইড (USAID)প্রকল্পে সমস্ত রকমের আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই এই নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা৷ আর আমেরিকার এই সিদ্ধান্ত আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ৷
শুধু তাই নয়, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা যে যে অভিযোগ করেছিলেন, আমেরিকার এই সিদ্ধান্ত সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামি লিগের এক সিনিয়র নেতা এবং সাংসদ বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দিয়েছে৷ তিনি আরও জানান, এখনও শেখ হাসিনাই তাঁদের নেত্রী এবং পথপ্রদর্শক৷ তাঁরা দেশ ছেড়েও যাবেন না এবং হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন৷ নির্বাচন ঘোষণা হলে তাঁরা পাল্টা লড়াই দিতে তৈরি বলেও দাবি করেছেন আওয়ামি লিগের ওই সাংসদ৷ পাশাপাশি, তাঁর দাবি, ‘দেশের মানুষ জানেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কী করেছেন৷ দেশবাসী এখনও শেখ হাসিনাকে ভালবাসেন৷’
সূত্রের খবর, দেশে না থাকলেও প্রত্যাবর্তনের জন্য ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা৷ এমন কি, প্রধানমন্ত্রিত্ব হারালেও নিজের দল আওয়ামি লিগের নিয়ন্ত্রণের রাশ নিজের হাতেই রেখেছেন হাসিনা৷ দেশে পালাবদলের পর আওয়ামি লিগের অনেক বড় নেতাই ভারত সহ বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন৷ দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা তাঁর দলের বিশ্বস্ত নেতাদের সঙ্গে হাসিনার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও খবর৷
এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অর্থনৈতিক ভাবে জোরাল ধাক্কা খাওয়ার পাশাপাশি গোটা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার ধাক্কা খেয়েছে৷ রাজনৈতিক ভাবে, ট্রাম্পের এই সিদ্ধান্ত হাসিনার হাতে মহম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, হিংসা, শ্রম অধিকার খর্ব, গণতান্ত্রিক সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করার মতো ঘটনার জেরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে৷
বাংলাদেশের যে সংগঠনগুলি আমেরিকার এই অনুদান থেকে লাভবান হত, সেই সংগঠনগুলি বরাবরই মহম্মদ ইউনূসের হয়ে জোরাল সওয়াল এবং প্রচার করেছে বাংলাদেশে৷ আওয়ামি লিগের ওই সাংসদের কথায়, ‘ধীরে ধীরে গোটা বিশ্ব থেকে সমর্থন আদায়ে আমরা এই ধরনের পরিস্থিতিগুলিকেই কাজে লাগিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করব৷’
Kolkata,West Bengal
January 29, 2025 6:34 PM IST
Mansarovar Yatra: ৫ বছর পর ফের কৈলাস-মানস সরোবর যাত্রা, চালু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ানও