আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সামরিক বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের একটি যুদ্ধজাহাজ ফের স্পর্শকাতর তাইওয়ান প্রণালিতে ঢুকেছে। চীনের ধারণা, আঞ্চলিক উত্তেজনা উসকে দিতেই ওয়াশিংটন এই ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন নৌ বাহিনী বলেছে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইউএসএস-মাইলিয়েস আইন অনুযায়ী আন্তর্জাতিক জলপথ ধরে তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে।
জাহাজটির তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়া নিয়ে নৌ বাহিনীর বিবৃতির পর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন।
এর আগে, অক্টোবরে যুক্তরাষ্ট্র ও কানাডার একটি করে যুদ্ধজাহাজ একই প্রণালি পাড়ি দিয়েছিল। তখন তার নিন্দা করে এসব তৎপরতা ওই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তিকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছিল চীন।
এদিকে, তাইওয়ানকে মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চল বলে বিবেচনা করে চীন। দ্বীপটি স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে তারা শক্তি প্রয়োগ করবে বলে হুমকি দিয়ে রেখেছে বেইজিং। এক বছর ধরে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে বারবার চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমান বহর উড়ে গেছে, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্বশাসিত দ্বীপটি।
অধিকাংশ দেশের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু, মার্কিন অস্ত্রের বড় বাজার হওয়ায় তাইওয়ানের যে কোনো দাবির প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে থাকে ওয়াশিংটন।
সারাবাংলা/একেএম