আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। নাইজারের নতুন সামরিক শাসক প্রাক্তন ঔপনিবেশিক প্রভুর হস্তক্ষেপের অভিযোগ করলে রাজধানী নিয়ামেতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যায়।
ফরাসি সেনা উপস্থিতির বিরোধিতা করে আসা কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানে শনিবার (২ সেপ্টেম্বর) ফরাসি সেনাদের একটি সামরিক ঘাঁটির কাছে বিক্ষোভকারীরা জড়ো হয়। তারা ‘ফরাসি সেনাবাহিনী, আমাদের দেশ ছেড়ে যাও’ বলে স্লোগান দেয়।
এর আগে গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অভ্যুত্থানের সমালোচনা করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজুমকে সমর্থন করে নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দেয়নি ফ্রান্স।
প্রাক্তন উপনিবেশ ফ্রান্সের সঙ্গে টানাপড়েনের কারণে সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। গত সপ্তায় তার দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় জান্তা সরকার। তবে নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন দেশটি ত্যাগ করেননি।
রাষ্ট্রদূতের এমন সিদ্ধান্তের প্রশংসা করেন ম্যাখোঁ। তিনি বলেন, বাজুমের সাহসিকতার ওপর ভিত্তি করে আমাদের রাষ্ট্রদূত দেশটিতে দায়িত্বপালনের জন্য রয়ে গেছেন। তার এমন সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নেওয়া আমাদের নীতি সঠিক।
সারাবাংলা/আইই