স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি এ মেলা আয়োজন করেছে।
বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সময় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে বইমেলা। মেলায় বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই রয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধের বইমেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আলোকচিত্র ও চিত্রকর্মও স্থান পেয়েছে।
মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেছেন বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং বাংলাদেশের ৫০ বছরের ঘটনাবলীকে ধরতেই মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়াউর রহমান করেছেন-এটা সত্য ঘটনা, সত্য ইতিহাস। এটাকে অস্বীকার করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আজকে যারা গায়ের জোরের সরকার তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ওই মুক্তিযুদ্ধের সূচনার ঘটনাকেও বিকৃত করছে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা। আমরা বলতে চাই, সত্যকে কখনো ধামাচাপা দেয়া যায় না, কেউ ধামাচাপা দিতে পারেনি।’
‘জিয়াউর রহমান ও তার পরিবারকে তারা (সরকার) ভয় পায়। কেননা এই আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান. দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল হয়েছেন, সেই সেই ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভুমিকা রেখেছেন’- বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘যদি সত্য ঘটনাগুলো আসে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। যদি মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা লেখা হয় তাহলে তারা যে মিথ্যাচার করছে সেটা ধরা পড়ে যাবে। তবে এটা সত্য যে ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ লিখতে পারে না, বিকৃত করতে পারে।’
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনায় ‘বস্ত্র ও পোষকশিল্পের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিদের চিত্রশিল্পী হীরা সোবহান কয়েকটি চিত্র কর্ম উপহার দেন।
স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপনে ‘সাজ সজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’র আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চিত্র্রশিল্পী অধ্যাপক আবদুস সাত্তার, জাসাসের আহসানুল হক চৌধুরী, আলোকচিত্রী নুর উদ্দিন আহমেদ নূরু, পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন বক্তব্য রাখেন।
সারাবাংলা/এজেড/এসএসএ