আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনের কনজারভেটিভ এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ২৫ বছর বয়সী আলী হারবি আলী নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
একইসঙ্গে, ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত নন বলে আদালতকে জানিয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সেন্ট্রাল লন্ডনের একটি আদালতে হাজির করার পর ট্রায়ালপূর্ব শুনানিতে তিনি এসব দাবি করেছেন।
এদিকে, তার বক্তব্য রেকর্ড করার পর মামলা শুনানির পরবর্তী তারিখ ২১ মার্চ ২০২২ নির্ধারণ করেছেন আদালত।
এর আগে, চলতি বছরের ১৫ অক্টোবর নিজ নির্বাচনি এলাকা অ্যাসেক্সে এক জনসভায় ছুরিকাঘাতে মারা যান ওই ব্রিটিশ এমপি। পরে ওই আলী হারবি আলীকে গ্রেফতারের সময় পুলিশ বলেছিল প্রায় দুই বছর ধরে পরিকল্পনার পর ওই বর্ষীয়ান রাজনীতিবিদকে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, ওই হামলার সঙ্গে ইসলামি জঙ্গিদের সংশ্লিষ্টতা ছিল এমন মন্তব্য করেছিলেন ওনেক নিরাপত্তা বিশ্লেষক।
সারাবাংলা/একেএম