আন্তর্জাতিক ডেস্ক
ডনবাসে শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধ হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক। ওই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে সকল প্রস্তুতি তার দেশের রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ব ডনবাস অঞ্চলে রুশদের পরাজিত করতে হবে। ডনবাসের দু’টি প্রদেশকে স্বাধীন ঘোষণা করে ঘাঁটি গড়েছে রুশ সেনারা। তিনি জানান, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সমঝোতা বৈঠকের আগেই ডনবাস অঞ্চল মুক্ত করতে হবে।
মিখাইলো পোডোলায়েক বলেন, ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেনকে এসব যুদ্ধে অবশ্যই জিততে হবে। একবার আমরা জিতে গেলে সমঝোতা বৈঠকে ইউক্রেন সুবিধাজনক অবস্থানে থাকবে।
তিনি জানান, ডনবাসে যুদ্ধ শেষ হলে জেলেনস্কি ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দুই নেতার বৈঠক হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এর আগে ডনবাসের লুহানস্ক ও ডোনাটেস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক হামলার সময় রাজধানী কিয়েভ দখলের মরিয়া চেষ্টা চালায় রুশ সেনারা। তবে কিয়েভ দখলে সফল হতে পারেনি তারা। চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে। এখন তাদের লক্ষ্য ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ।
সারাবাংলা/আইই