আন্তর্জাতিক ডেস্ক
ভারতে টানা ষষ্ঠ দিনের মত বেড়েছে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ।
সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৩ হাজার ৭৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ১৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। রোববার ভারতে ২৭ হাজার ৫৫৩ জন নতুন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল, তার আগের দিন সংক্রমণ ধরা পড়েছিল ২২ হাজার ৭৭৫ জনের মধ্যে।
রয়টার্স জানিয়েছে, সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত শনাক্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে তিন কোটি ৪৯ লাখে। ২৪ ঘণ্টায় সেখানে আরও ১২৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু পৌঁছেছে চার লাখ ৮১ হাজার ৮৯৩ জনে।
অবশ্য অনেকেই নমুনা পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন বলে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই বিশেষজ্ঞদের ধারণা।
এদিকে, ইউরোপ ও আমেরিকায় ছড়াতে থাকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভারতেও সংক্রমণের নতুন ঢেউয়ের শঙ্কা জাগিয়ে তুলেছে। হিন্দুস্থান টাইমস বলছে, ইতোমধ্যে ভারতের ২৩ রাজ্যে পৌঁছে গেছে ওমিক্রন। নভেম্বরে ওমিক্রনের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে ভারতে এ পর্যন্ত এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এক হাজার ৫২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬০ জনই মহারাষ্ট্র আর দিল্লির অধিবাসী।
সারাবাংলা/একেএম