আন্তর্জাতিক ডেস্ক
ভুটানের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিলে ভুটানে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পায়। সে সময় প্রতিবেশী দেশ ভারত ভুটানকে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে দেয়।
পরে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও পাঁচ লাখ ডোজ টিকা পায় ভুটান। এরিমধ্যে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৪ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে ভুটান। সব মিলিয়ে ইতিমধ্যে ৮ লাখ জনসংখ্যার দেশ ভুটানের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ডেকেন ওয়াংমো বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘পশ্চিমা বহু দেশ এখনও আমাদের মতো এমন হারে ভ্যাকসিন দিতে পারেনি। কম সময়ে জনগণের মধ্যে সংক্রমণ কমিয়ে আনাই আমাদের লক্ষ্য’। তিনি জানান, তার দেশের জনগণ ভ্যাকসিন গ্রহণ করতে দারুন আগ্রহী।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় পাহাড়ঘেরা ভুটানের মোট জনসংখ্যা প্রায় ৮ লাখ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ভুটানে এ পর্যন্ত প্রায় ২৫০০ মানুষ আক্রান্ত হয়েছেন। সেদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
সারাবাংলা/আইই