আন্তর্জাতিক ডেস্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর এক নেতাকে সম্মান জানানোর জেরে সমালোচনার মুখে কানাডার পার্লামেন্টের স্পিকার অ্যান্টনি রোটা পদত্যাগ করেছেন।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে ভাষণ দেন। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে দেশপ্রেমিক বলে উল্লেখ করেন জেলেনস্কি। তাৎক্ষণিক পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে ওই ব্যক্তিকে সম্মান জানান।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসে। জানা যায়, ইয়ারোস্লাভ হাঙ্কা নামের ৯৮ বছর বয়সী ওই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি ইউনিটে লড়াই করেছিলেন। তিনি হিটলারের এসএস গ্রুপের গালিসিয়া ডিভিশনের সদস্য ছিলেন। ওই ব্যক্তির পরিচয় সামনে আসার পর থেকে কানাডা পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার অ্যান্টনি রোটার সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার বিকেলে অটোয়ায় কানাডার আইনপ্রণেতাদের উদ্দেশে স্পিকার অ্যান্টনি রোটা বলেন, তিনি ভারী হৃদয় নিয়ে পদত্যাগ করছেন। এর আগে এই প্রসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
স্পিকার জানান, তিনি ভুল বুঝতে পেরেছেন। তিনি বলেন, এই হাউজের উপরে কেউ নন। সে কারণে আমি পদত্যাগ করছি। আমার ভুলের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।
তবে শুধু অ্যান্টনি রোটাই সমালোচিত হননি। কানাডার রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন বিতর্ক শুরু হয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে। কেন ওই ব্যক্তিকে কানাডার পার্লামেন্ট পর্যন্ত আসতে দেওয়া হলো এমন প্রশ্নে উঠে। অন্যদিকে, ইসরাইল ও রাশিয়াও কানাডা সরকারের সমালোচনা করে।
সারাবাংলা/আইই