স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে ভয়ে ভীত হয়ে পুলিশ দিয়ে গুলি করানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিদায়ী বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সিরাজগঞ্জে আয়োজিত বিএনপির সমাবেশে সংঘর্ষের বিষয়টি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন- গত এক মাসের অধিক সময় ধরে আমরা আন্দোলন করে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসার দাবিতে আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ কর্মসূচি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং অনির্বাচতি সরকার আক্রমণের পর আক্রমণ করেছে।’
‘আমরা একটা প্রত্যয় জন্মেছে, বিশ্বাস জন্মেছে। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, এই দেশের জনগণ চায় না এই অনির্বাচিত সরকার আর ক্ষমতায় থাকুক, গণতন্ত্রকে ধ্বংস করুক। এটাও প্রমাণ হয়েছে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জনগণ এই মুহূর্তেই চায় এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে প্রেরণ করতে চায়’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের। এই অনির্বাচিত সরকার আজকে পুরোপুরিভাবে এই দাবিকে এড়িয়ে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার যে নীল নকশা সেটাকেই তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য অতীতের মতোই নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, গুলি বর্ষণের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে তারা ব্যহত করতে চায়। কিন্তু আমরা এ কথা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশনেত্রীকে মুক্ত করবে এবং তাকে বিদেশে প্রেরণে সরকারকে বাধ্য করবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মশিউর রহমান ও প্রকৌশলী ইশরাক হোসেন।
সারাবাংলা/এজেড/এনএস