আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারি শুরুর পর এই প্রথমবারের মতো মুসল্লিদের জন্য শারীরিক দূরত্ব বিধি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
রোববার (১৭ অক্টোবর) থেকে সেখানে কাঁধে কাঁধ রেখে মুসল্লিরা নামাজ আদায় করছেন।
এসপিএ জানায়, এটি সতর্কতামূলক ব্যবস্থা সহজ করার সিদ্ধান্ত। গ্র্যান্ড মসজিদের সম্পূর্ণ ধারণক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তবে, মাস্ক ব্যবহার এবং দুই ডোজ ভ্যাকসিন ছাড়া মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি কাবা ঘর ছুঁয়ে দেখার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা বলবৎ রয়েছে।
এদিকে, করোনার সংক্রমণ কমায় দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, সিনেমা, খেলার মাঠ এবং রেস্টুরেন্টেও যেতে পারবেন। এছাড়া পাবলিক প্লেসে মাস্ক পরারও প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সারাবাংলা/একেএম