আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মিয়ানমার সীমান্ত সংলগ্ন চুরাচাঁদপুর জেলায় বিদ্রোহীদের অতর্কিত হামলায় সেনাবাহিনীর এক কর্নেল, তার স্ত্রী ও ছেলে, তিন সেনা সদস্য এবং এক জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় বেশ কয়েকজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযান শুরু করেছে মিয়ানমার সেনা এবং আসাম রাইফেলস।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপতি শনিবার একটি ফরোয়ার্ড ক্যাম্প থেকে ফেরার সময় তার গাড়ি বহরে অতর্কিত বন্দুক হামলা চলে। এতে ওই কমান্ডিং অফিসারসহ সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ওই কর্মকর্তার স্ত্রী এবং ছেলেও রয়েছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এ হামলার সঙ্গে জড়িত রয়েছে এমন দাবি করা হলেও, কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার উত্তরের অত্যন্ত প্রত্যন্ত গ্রামে ওই হামলা চলেছে জানিয়ে পুলিশ বলছে, বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় ওই সেনা কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সেনা সদস্যদের অন্য গাড়ি থেকে জওয়ানরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়।
অন্যদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ওই সেনা কর্নেল এবং তার পরিবারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জড়িতদের গ্রেফতারে পাল্টা অভিযান শুরু করা হয়েছে।
মণিপুরের পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর (পিএলএএম) অথবা মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালেও মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের গাড়ি বহরে হামলা চালিয়েছিল নাগা গোষ্ঠী। ওই হামলায় তিন জওয়ানের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অনেক রাজ্যের মতো মণিপুরেও ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। যারা পূর্ণ স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতার জন্য লড়াই করছে। চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে এমন এলাকায় কয়েক দশক ধরেই ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে। ২০১৫ সালে মণিপুরে বিদ্রোহীদের আক্রমণে ২০ সৈন্যর মৃত্যু হয়েছিল। তারপর ভারতীয় সেনাবাহিনী জঙ্গলে থাকা বিদ্রোহীদের ক্যাম্পে বিমান হামলা চালিয়েছিল।
সারাবাংলা/একেএম