আন্তর্জাতিক ডেস্ক
মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন তিন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে বলা হয়, আমরা এখন নিশ্চিত করেছি যে, ৬৩২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩২৯ জন। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১১ মিনিটে মরক্কোর মারাখেস শহরের ৭১ কিলোমিটার (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড।
ভূমিকম্পে মারাখেস পুরানো শহরের বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) বেশ কিছু ক্লিপ দেখা যায়, অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে।
মূল ভূমিকম্পের পর আরও বেশ কয়েকটি আফটারশকে শহরটি কেঁপে উঠে। এতে বাসিন্দারা রাতভর বাড়ির বাইরে অবস্থান করছেন।
সারাবাংলা/আইই