আজকাল সব বাড়িতে গ্যাসেই রান্না হয়। শুধু ভাত, ডাল, তরকারি নয়, চা কিংবা জল গরম করতেও গ্যাসই ভরসা। তাই এর যত্ন নেওয়াও জরুরি। কিন্তু সমস্যা হয় গ্যাসের বার্নার নিয়ে। তরকারি বা দুধ উথলে বার্নারেই পড়ে। এভাবে দীর্ঘদিন ময়লা জমতে জমতে বার্নারের ছিদ্রগুলো বুজে যায়। ওভেনের বাকি অংশ পরিষ্কার করা সহজ হলেও বার্নারের ময়লা পরিস্কার করা সবচেয়ে কঠিন।
বার্নারে ময়লা জমার ফলে অনেক সমস্যাও। অনেক সময় ঠিক মতো জ্বলে না। আবার জ্বলতে জ্বলতে কখনও কখনও বন্ধ হয়ে যায়। এমন হলে রান্না হবে কী করে? বিশেষ করে কোজাগরীর ভোগ? মা লক্ষ্মী যে অশুদ্ধি একেবারেই পছন্দ করেন না! চিন্তা নেই। ফটকিরি দিয়ে সহজেই গ্যাসের বার্নার পরিষ্কার করা যায়। কীভাবে? সেটাই আলোচনা করা হল এখানে। প্রত্যেক গৃহস্থের কাজে লাগবে এই ঘরোয়া টোটকা।
কোল্ড ড্রিঙ্কস এবং ফটকিরি: গ্যাস পরিষ্কার করতে কোল্ড ড্রিঙ্ক এবং ফটকিরি ব্যবহার করা যায়। কোল্ড ড্রিঙ্কস বার্নারে জমে থাকা কালচে ভাব দূর করবে। আর ফটকিরি অনেক উপায়ে ব্যবহার করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতিগুলো এখানে দেওয়া হল। প্রথমে একটা বাটিতে কোল্ড ড্রিঙ্কস নিতে হবে। এবার তাতে মেশাতে হবে ফটকিরি পাউডার। ভাল করে মেশানোর পর এতে বার্নার ডুবিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এবার মিশ্রণে বার্নার রেখেই ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করতে হবে। তাহলেই বার্নার পরিষ্কার এবং উজ্জ্বল হবে।
আরও পড়ুন : হৃদয় ভাল রাখবেন ? হার্ট অ্যাটাক, স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে জানুন
ফটকিরি জল: শুধু ফটকিরি জল ব্যবহার করেও বার্নার নতুনের মতো পরিষ্কার করা যায়। গরম জলে ফটকিরি রেখে দিলেই হবে। চাইলে বার্নার ব্রাশ দিয়ে ঘষে নেওয়া যায়। একটা বড় ফটকিরি কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর ফটকিরিটা সরিয়ে নিয়ে তাতে ডুবিয়ে দিতে হবে বার্নার। এভাবে ১৫ মিনিট রাখার পর ব্রাশ দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। বার্নার খুব নোংরা হলে ফটকিরি গুঁড়ো, নুন এবং বেকিং সোডা ব্যবহার করা যায়।
ফটকিরি এবং লেবুর রস: কোনও কিছু পরিষ্কার করতে লেবুর চেয়ে ভাল জিনিস আর হয় না। এতে শুধু ময়লা পরিষ্কার হবে তাই নয়, সময়ও কম লাগবে। এর জন্য ফটকিরি এবং লেবুর রসের ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এবার তাতে ডুবিয়ে রাখতে হবে বার্নার। ২০ থেকে ৩০ মিনিট ওভাবেই থাকুক। তারপর লেবুর খোসা দিয়ে মেজে নিলেই ঝকঝক করবে বার্নার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kitchen