আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। রিশি সুনাকের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন। কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছেন রিশি সুনাক।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। রিশি সুনাকের মন্ত্রিসভায় ডেভিড ক্যামেরনের ফেরা যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচিত ঘটনা হতে যাচ্ছে।
২০১৬ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে বেশিরভাগ ভোট পড়ায় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে তিনি ২০১০ সাল থেকে ৬ বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
সারাবাংলা/আইই