আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি পাস হয়নি।
শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপিত হয়। কাউন্সিলের ১৩ সদস্য প্রস্তাবে সমর্থন দেয়। তবে ভেটো দেয় স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। অপর স্থায়ী সদস্য যুক্তরাজ্য ভোট দানে বিরত ছিল। যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন দিয়েছে মার্কিন মিত্র ফ্রান্স ও জাপান।
সংযুক্ত আরব আমিরাতের করা খসড়া প্রস্তাবনার ভিত্তিতে শুক্রবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরাইলের সমর্থনে এ নিয়ে অন্তত ৩৫ বার যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করল। গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র এ ক্ষমতা প্রয়োগ করেছে দুই বার।
সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত প্রস্তাবের খসড়ায় অববিলম্বে মানবিক যুদ্ধবিরতি, সেইসঙ্গে সমস্ত জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ভেটো ক্ষমতা প্রয়োগ করে এই প্রস্তাব আটকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, হামাস যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের নিন্দা করেছে।
সারাবাংলা/আইই